গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:৫৫ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
২০১৩ সালের ৪ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. আলামিনের মা জেসমিন বেগম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তার অসুস্থতার খবর জানতে পেরে বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে জেসমিন বেগমের খোঁজ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে, চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী অবস্থার খোঁজ নেওয়ার নির্দেশ দেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান এবং জেসমিনের অপারেশন-পরবর্তী অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
একইদিন মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলামিনের বাসায় যায়। প্রতিনিধিদলটি জেসমিন বেগমের শারীরিক অবস্থার খোঁজ নেয়, তার চিকিৎসার বিষয়ে কথা বলে এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।
এদিকে চিকিৎসকরা জেসমিনের চিকিৎসার বিষয়ে সার্বিক তথ্য দেন এবং তার অবস্থার উন্নতির কথাও জানান। এ সময় উপস্থিত ছিলেন নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান শহীদ নাফিজের পিতা গোলাম রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিক প্রমুখ।
উল্লেখ্য, শহীদ জুবায়ের চব্বিশের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন। তার একমাত্র বোন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন।
এমআর/টিএ