ভারতের ইলিশকে ‘দেশি’ বলে বিক্রি করায় যশোরে আড়তদারকে জরিমানা
ছবি: সংগৃহীত
০১:৫৯ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের ইলিশ মাছকে ‘দেশি ইলিশ’ হিসেবে বিক্রি করার অভিযোগে কর্ণফুলী ফিশ নামের একটি আড়তকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বড় বাজারে পরিচালিত এ অভিযানে ওই আড়তকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালিত হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে। অভিযানে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য ও কেনা বেচার কাগজপত্র দেখাতে পারেনি আড়তদার।
অভিযানে মাছবাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান মনিটরিং করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতের ইলিশ বিক্রি ও আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশের বাজারের ঘাটতি মেটাতে ভারত থেকে ইলিশ আমদানি করা হচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ১৯টি আমদানিকারকের মাধ্যমে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি করা হয়েছে।
আর এই আমদানিকৃত ইলিশই দেশের বাজারে বিক্রি হচ্ছে ‘বরিশালের ইলিশ’ নামে। ক্রেতারা চড়া দামে তা কিনে প্রতারিত হচ্ছেন।
কেএন/টিএ