৯৩ ‘বাবার সন্তান’ নেত্রকোনার রবিউল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৪:৪৯ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নাম, ঠিকানা ও জন্মতারিখ ভিন্ন হলেও ৯৩টি জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ব্যবহার করা হয়েছে একই ব্যক্তির ছবি। জাল এনআইডি তৈরির অভিযোগে নেত্রকোনায় রবিউল ইসলাম ওরফে রনি (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শহরের মোক্তারপাড়ার দত্ত মার্কেটের সিদ্দিক কর্নার ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে সাতটি জাল এনআইডি, ছয়টি এনআইডির পেছনের অংশ এবং মুঠোফোনে থাকা ৮০টি জাল এনআইডির সফট কপি উদ্ধার করা হয়।
ডিবি জানায়, উদ্ধার করা এনআইডিগুলোতে ভিন্ন ভিন্ন নাম, বাবার নাম, জন্মতারিখ, পরিচয় নম্বর ও ঠিকানা ব্যবহার করা হলেও ছবিটি একই। শুধু ছবিতে শার্টের রং ভিন্ন। সফট কপিগুলোতেও ভিন্ন পরিচয় ও ঠিকানা রয়েছে।
রবিউলের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। নেত্রকোনায় স্ত্রীর কাছে গিয়ে তিনি জাল এনআইডি প্রিন্ট করতে দোকানে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন আইনে করা মামলায় বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করছেন জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী রানা।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, একজনের একাধিক এনআইডি করার সুযোগ নেই। এ ধরনের জালিয়াতি নির্বাচন কমিশনের সার্ভারে শনাক্ত হয়। মামলার ধারায় অনধিক দুই বছরের কারাদণ্ড, ৪০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এমআই/এসএন