কেয়া পায়ালের ঠোঁটের নিচের তিলের রহস্য
ছবি: সংগৃহীত
০৯:১৫ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ছোট্ট একটি তিলও কখনো কখনো তারকার রূপের আলাদা পরিচয় হয়ে ওঠে। প্রিয় অভিনেতা-অভিনেত্রীর মুখের এমন কোনো বিশেষ চিহ্ন নিয়ে ভক্তদের কৌতূহলেরও কমতি থাকে না। এবার ঠোঁটের নিচের তিল নিয়ে এমনই আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
সম্প্রতি একটি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কেয়া পায়েল। সেখানে তার উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি ঠোঁটের নিচের তিল নিয়েও উঠেছে প্রশ্ন। বিশেষ করে তিলটি আগের নাকি নতুন- এ নিয়েই তৈরি হয় কৌতূহল।

তিলের প্রসঙ্গ উঠতেই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। কেয়া পায়েল জানান, ঠোঁটের নিচে আগে থেকেই একটি তিল ছিল। তবে একসময় সেটি তিনি সরিয়ে ফেলেছিলেন। পরে পুরোনো সেই তিলটিকে আবার মিস করতে শুরু করেন তিনি।
এ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘এখানে আমার আগেও তিল ছিল, যেটাকে আমি রিমুভ করে ফেলেছিলাম। এখন মনে হচ্ছে, আমি আমার আগের তিলটাকে মিস করছি। এই জন্য আমি আবার একটু দিয়েছি।’

অভিনেত্রীর এই বক্তব্যের পরই তার তিল নিয়ে তৈরি হয়েছে নতুন আগ্রহ। অর্থাৎ, একসময় নিজের মুখের সেই চিহ্ন সরিয়ে ফেললেও পরে সেটিই আবার মনে ধরেছে কেয়া পায়েলের। তাই পুরোনো তিলের আবহ ফিরিয়ে আনতেই নতুন করে সেখানে তিলের ছাপ দিয়েছেন তিনি।
কেয়া পায়েলের এই ছোট্ট পরিবর্তনই এখন ভক্তদের আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রিয় তারকার সাজ ও রূপের খুঁটিনাটি নিয়েও যে অনুরাগীদের আগ্রহ কতটা, এই ঘটনা যেন তারই আরেকটি উদাহরণ।
এসএ/ টিএ