কনসার্টে কাঁদলেন এড শিরান, চাইলেন ক্ষমা
ছবি: সংগৃহীত
০২:৩০ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
গাজা ইস্যুতে র্যাপার ম্যাকলমোরকে সংগীত সফর থেকে বাদ দেওয়াকে ঘিরে বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্টের শুরুতে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন ব্রিটিশ গায়ক এড শিরান। এ সময় গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘বিপর্যয়কর, অসমর্থনযোগ্য’ বলে উল্লেখ করে নিজের কিছু ভুলের জন্য ভক্তদের কাছে ক্ষমা চান তিনি।
শনিবার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টের শুরুতেই গাজা প্রসঙ্গে কথা বলেন শিরান। তিনি জানান, কখনোই রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত হতে চাননি। তবে বর্তমান পরিস্থিতি তাকে মতপ্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের জটিল রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলার জায়গায় নিয়ে এসেছে।
ইসরাইলে ৭ অক্টোবরের হামলা এবং নোভা সংগীত উৎসবে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে ভয়াবহ উল্লেখ করেন শিরান।
একই সঙ্গে গাজায় বেসামরিক মানুষ ও শিশুদের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরে তিনি বলেন, এসব ঘটনা তার হৃদয় ভেঙে দিয়েছে। পশ্চিম তীরে চলমান ‘পদ্ধতিগত অবিচার’ও উপেক্ষা করা যায় না বলে মন্তব্য করেন এই গায়ক।

এদিকে ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনায় অনুষ্ঠানস্থলের মালিকদের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিরান। তার ভাষায়, মুক্ত বিশ্বে কোনো অনুষ্ঠানস্থল শিল্পীর বক্তব্য বা পরিবেশনের বিষয়বস্তু আগে থেকেই অনুমোদন করবে, এমনটা হওয়া উচিত নয়।
ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার প্রতিবাদে কয়েকজন সহশিল্পীও অনুষ্ঠান থেকে সরে দাঁড়ান। এর প্রভাব পড়ে শিরানের ফিলাডেলফিয়ার কনসার্টেও। নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর শুরু হয় অনুষ্ঠানটি। শেষ পর্যন্ত ব্যাকিং ব্যান্ড ছাড়াই মঞ্চে ওঠেন শিরান।
প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান শেষে ফের আবেগাপ্লুত হয়ে পড়েন এই গায়ক।
গত কয়েক দিনকে নিজের জীবনের সবচেয়ে খারাপ সপ্তাহগুলোর অন্যতম উল্লেখ করে গাজা নিয়ে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেওয়ার জন্য সন্তানসহ পরিবারগুলোর কাছেও ক্ষমা চান তিনি।
ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই শিরানের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে কনসার্টে নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি ভক্তদের অনুভূতির প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
এসএন