পূজায় মুক্তি নিয়ে অনিশ্চয়তা, কবে আসছে ‘আন্ধার’?
ছবি: সংগৃহীত
০৭:৪৮ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
তারকাবহুল সিনেমা ‘আন্ধার’ ঘিরে দর্শকদের আগ্রহ শুরু থেকেই। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। আরও রয়েছেন মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান ও গাজী রাকায়েতসহ অনেকে।
পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’। তবে সম্প্রতি সিনেমাটির প্রচারণায় কিছুটা নীরবতা দেখা দেওয়ায় মুক্তির সময় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সিনেমা সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, দুর্গাপূজায় মুক্তি না দিয়ে আগামী বছরের কোনো একটি ঈদে ‘আন্ধার’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হতে পারে। বড় বাজেটের এই সিনেমাটি বড় কোনো উৎসবের সময় দর্শকদের সামনে আনার বিষয়টি ভাবা হচ্ছে বলেও আলোচনা রয়েছে। তবে এখন পর্যন্ত মুক্তির তারিখ পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মুক্তির তারিখ নিয়ে গুঞ্জনের মধ্যে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রযোজকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে সিনেমাটির অন্যতম চিত্রনাট্যকার ও প্রযোজক শাকিব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়।
মুক্তির তারিখ প্রসঙ্গে শাকিব চৌধুরী বলেন, ‘মুক্তির বিষয়ে এখনই অফিসিয়ালি কিছু বলছি না। আমরা অক্টোবরের কথা বলেছিলাম, এখনো পর্যন্ত সেটাই অফিসিয়াল ঘোষণা। যদি তারিখ পরিবর্তন হয়, আমরা সময়মতো জানাব।’
তাহলে অক্টোবরের কোন সময়ে সিনেমাটি মুক্তি পেতে পারে- এ প্রশ্নেও এখনই নিশ্চিত কোনো তথ্য দিতে চাননি শাকিব। তার মতে, তাড়াহুড়ো করে সিনেমাটি মুক্তি দেওয়ার চেয়ে কাজটি যথাযথভাবে শেষ করাই এখন বেশি গুরুত্বপূর্ণ।
শাকিব চৌধুরী বলেন, ‘আন্ধার’ বাংলাদেশের একদম নতুন ধরনের একটা সিনেমা। সেটা একটা ভালো সময়েই আসবে। অনেক সময় সিনেমা দেখতে গিয়ে দর্শক বলেন, কাজটা তাড়াহুড়োয় করা হয়েছে, আরেকটু সময় নিতে পারত। ‘আন্ধার’র ক্ষেত্রে যেন এরকমটা কেউ না বলতে পারে, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
সিনেমাটির কারিগরি কাজও এখনো পুরোদমে চলছে। শাকিব জানান, সম্প্রতি ১৩ দিন মুম্বাইয়ে থেকে তিনি দেশে ফিরেছেন। আবারও সেখানে যেতে হবে। বিশেষ করে ভিএফএক্সের কাজ বেশ বড় পরিসরে চলছে বলেও জানান তিনি।
ফলে অক্টোবরের ঘোষিত মুক্তির তারিখ এখনো বহাল থাকলেও ‘আন্ধার’ ঠিক কবে প্রেক্ষাগৃহে আসবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করতে হচ্ছে দর্শকদের। সিনেমাটির নির্মাণকাজ শেষ হওয়ার পরই এ বিষয়ে স্পষ্ট ঘোষণা আসতে পারে।
এসএ/ টিএ