গ্ল্যামার ছেড়ে অ্যাকশন লুকে চমকে দিলেন রাশমিকা
ছবি: সংগৃহীত
০৮:৪১ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে দক্ষিণী চলচ্চিত্রে পরিচিতি পেলেও এবার একেবারে ভিন্ন লুকে হাজির হচ্ছেন রাশমিকা মান্দানা। আসন্ন সিনেমা ‘মাইসা’-তে অ্যাকশননির্ভর চরিত্রে দেখা যাবে তাকে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। আর সেখানেই রাশমিকার মারকাটারি রূপ দেখে মুগ্ধ দর্শক-সমালোচকরা। নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’য় একেবারে ভিন্ন এক জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা। জীবনের কঠিন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের পথ নিজেই তৈরি করা এক নারীর গল্প উঠে এসেছে সিনেমাটিতে।
টিজারের শুরুতে রাশমিকার চরিত্রকে ক্লান্ত ও ভেঙে পড়া অবস্থায় দেখা যায়। তবে মুহূর্তেই সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ায় সে। এরপরই শুরু হয় তার অ্যাকশন তাণ্ডব। হাতে কাস্তে নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়া, ভয়ংকর সংঘর্ষে জড়িয়ে পড়া কিংবা লাথির আঘাতে প্রতিপক্ষকে কাবু করার দৃশ্য নজর কেড়েছে।
পানির নিচে একাধিক প্রতিপক্ষের সঙ্গে রাশমিকার লড়াইও টিজারের অন্যতম আকর্ষণ। টিজারে রয়েছে মোটরসাইকেল চালানোর দৃশ্যও। এত দিনের গ্ল্যামারনির্ভর নায়িকার ইমেজ পেছনে ফেলে মাটির কাছাকাছি, শক্তিশালী ও নির্ভীক এক নারীর চরিত্রে রাশমিকার এই রূপান্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
ইউটিউবে প্রকাশিত হিন্দি টিজারের মন্তব্যের ঘরেও দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়েছে। অনেকেই বলছেন, নারীকেন্দ্রিক সিনেমা এমনই হওয়া উচিত।
কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এবার কোনো অভিনেত্রীকে শুধু গ্ল্যামারের জন্য নয়, বরং তার অভিনয়দক্ষতা ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী কাস্ট করা হয়েছে। চরিত্রটির জন্য শারীরিক ও মানসিকভাবে কঠোর প্রস্তুতি নিতে হয়েছে রাশমিকাকে। এমনকি শুটিংয়ের একটি কঠিন অ্যাকশন দৃশ্যে গুরুতর চোটও পেয়েছিলেন অভিনেত্রী। ওই সময় তার টেনডন অর্থাৎ পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখা টিস্যু ছিঁড়ে যায়। সেই চোটের যন্ত্রণা ও কঠিন পরিশ্রম পেরিয়েই চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি।
‘মাইসা’ আগামী ২৭ নভেম্বর তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম—এই পাঁচ ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।
এর আগে গত ১৯ জুন মুক্তি পাওয়া হিন্দি রোমান্টিক কমেডি-ড্রামা ‘কটকট ২’-এ শহীদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল রাশমিকাকে। এবার ‘মাইসা’য় তার সম্পূর্ণ ভিন্ন রূপ দর্শকদের কতটা চমকে দেয়, সেটিই দেখার অপেক্ষা।
এসএ/ টিএ