© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৭ বছর বয়সে মারা গেলেন মডেল প্রেসলি গারবার

শেয়ার করুন:
২৭ বছর বয়সে মারা গেলেন মডেল প্রেসলি গারবার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সুপারমডেল সিন্ডি ক্রফোর্ডের ছেলে ও মডেল প্রেসলি ওয়াকার গারবার ২৭ বছর বয়সে মারা গেছেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের নথি অনুযায়ী, রবিবার (২০ সেপ্টেম্বর) একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব ফ্যাসিলিটি) মারা যান প্রেসলি। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

ক্রফোর্ড ও তার স্বামী র‍্যান্ডে গারবারের প্রতিনিধি অ্যালি জেনকিন্স বিবিসির মার্কিন সংবাদ সহযোগী সিবিএসকে জানিয়েছেন, এই কঠিন সময়ে পরিবারটি গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে।

মা সিন্ডি ক্রফোর্ড ও ছোট বোন কাইয়া গারবারের মতো প্রেসলিও মডেলিং পেশায় যুক্ত ছিলেন। মাত্র ১৬ বছর বয়সে ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড মোস্কিনোর হয়ে র‍্যাম্পে অভিষেক হয় তার। পরে বারবেরি, ডলচে অ্যান্ড গাবানা এবং বোটেগা ভেনেটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের হয়ে কাজ করেন তিনি। প্রেসলির বাবা র‍্যান্ডে গারবার একজন ব্যবসায়ী। তিনি অভিনেতা জর্জ ক্লুনির সঙ্গে যৌথভাবে কাসামিগোস টাকিলা ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে প্রেসলি নিজের মানসিক স্বাস্থ্য ও মাদক ব্যবহারের সমস্যার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। ২০২৩ সালে ‘স্টুডিও ২২’ পডকাস্টে তিনি মানসিক স্বাস্থ্য ও বিষণ্নতার সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেন।

সূত্র: বিবিসি।

এসএ/ টিএ

মন্তব্য করুন