© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১১ দলীয় জোটের দাবি মানলেই ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
১১ দলীয় জোটের দাবি মানলেই ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিল থেকে ১১ দলীয় জোটের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, ‘১১ (জামায়াত নেতৃত্বাধীন) দলীয় জোট যেসব দাবি জানিয়ে আসছে, সেগুলো বাস্তবায়ন করা হলে ঢাকায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটবে না।’

সোমবার (২১ সেপ্টেম্বর) দলটির বিক্ষোভ মিছিলের একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘১১ দলীয় জোট যে দাবিগুলো করে যাচ্ছে, সেগুলো মানলেই তো হলো। এই দাবিগুলো মানলেই ঢাকায় ককটেল আর ফুটবে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনৈতিকভাবে বাদ দিতে হলে সংস্কার প্রয়োজন। ১১ দলীয় জোটও একই দাবিগুলো জানিয়ে আসছে।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার—আমরা তো এই তিনটি দাবিতে অনবরত রাজপথে আছি। সরকার তো এই দাবিগুলো মানছে না।’

তিনি আরও বলেন, ‘১১ দলীয় জোট এসব দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছে।’

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে আবার জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনে লিটার প্রতি ২০ টাকা বাড়ানো হয়।

এতে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা থেকে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন প্রতি লিটার ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা হয়। রোববার রাত ১২টায় দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়।

প্রসঙ্গত, তেলের দাম বাড়ানোর রেকর্ড অনুযায়ী এবারের দাম বৃদ্ধি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালের ৬ আগস্ট তৎকালীন সরকার জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫১ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। পরে জনরোষে ডিজেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমিয়ে দেওয়া হয়। আর বর্তমান সরকার প্রথম দফায় গত ১৮ এপ্রিল ডিজেল, অকটেন, পেট্রোলসহ সব ধরনের জ্বালানির দাম ১৫ থেকে ১৬ দশমিক ৬৭ শতাংশ বাড়িয়েছিল।

আরআই/টিএ

মন্তব্য করুন