আমার ছেলেকে বিভিন্ন উপায়ে ফাঁসানোর চেষ্টা হচ্ছে : অপ্রতিমের মা
ছবি: সংগৃহীত
১২:৫৬ এএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
স্কুলছাত্র ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যার পর তাকে বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
কুমিল্লার আইনজীবী সমিতির নেতৃবৃন্দ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অপ্রতিমের বাবা-মায়ের সাথে কোটবাড়ি গন্ধনমতির বাসায় সমবেদনা জানাতে গেলে ড. নাহিদা এসব অভিযোগ করেন।

আইনজীবীদের উদ্দেশ্যে ড. নাহিদা বলেন, ‘আমার ছেলেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ২০২৫ সালের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে আমি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ওই ঘটনার কারণে যদি আমার ছেলেকে টার্গেট করা হয়ে থাকে, তাহলে এটা আমি মেনে নেব না।’
অপ্রতিমের মা আরও বলেন, ‘আমার কোনো দোষ থাকলে আমাকে শাস্তি দেওয়া হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে তার শাস্তি আমি পাব। আমার ছেলে কেন এর শাস্তি পাবে? আমার ছেলেকে কেন মেরে ফেলা হলো? আমার ছেলেকে তাদের সঙ্গে জড়িয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেও তাদেরই একজন। অথচ আমার ছেলে নিষ্পাপ, ছোট বাচ্চা। সে এসবের কিছুই বোঝে না।’

অপ্রতিমের মা আরও বলেন, ‘আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে—সেটা নিয়েও আমি চিন্তিত। আমি চাই, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।’
অপ্রতিমের মায়ের ভাষ্য, ‘আমার ছেলেকে বিভিন্ন আইডি থেকে ব্লেইম করা হচ্ছে। আমার ছেলে কিছু বোঝে? আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে আমি এটা কখনোই মেনে নেব না।’

এ সময় কুমিল্লার জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট তারেক আবদুল্লাহ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল হক খন্দকার এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা অপ্রতিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একই প্রতিনিধি দল বিকালে কুবি প্রশাসনের সাথেও বৈঠক করেন।

এ বিষয়ে রাতে কুমিল্লা জেলা আইনজ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ বলেন, ‘আমরা কুবি প্রশাসন ও অপ্রতিমের পরিবারের সাথে কথা বলেছি। আমরা এ হত্যা মামলার আসামিদের পক্ষে লড়বো না বলে যে সিদ্ধান্ত নিয়েছি আজ তা কুবি প্রশাসন ও অপ্রতিমের পরিবারকে জানিয়ে এলাম। আশা করি দ্রুত সময়ে এ হত্যার ন্যায় বিচার নিশ্চিত হবে।’
এমআর/টিএ