জাতীয় সংসদে স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
০৮:২০ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জেলা সদর হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে সংসদীয় কমিটি।
এছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বাড়াতে জোরালো পদক্ষেপের কথা জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে পদক্ষেপের কথা জানানো হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, সদস্য মো. আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মো. আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মো. আব্দুল বারী সরদার এবং মাহমুদা আলম মিতু অংশ নেন।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থার জনবল, দপ্তর-সংস্থার পরিচিতি, কার্যাবলি, মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন এবং মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।
বৈঠকে আলোচনাকালে জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ঔষধালয়ের ব্যবস্থাপনা, শিশুদের সুচিকিৎসার জন্য ‘শিশু স্বর্গ’ নামক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের পাশাপাশি চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুৎ ব্যবহার, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বশস্ত্র আনসার মোতায়েন এবং হেলথ কার্ড প্রদানের কার্যক্রম অব্যাহত আছে মর্মে অবহিত করা হয়।

বৈঠকে বিভিন্ন ধরনের টিকা মজুতের বর্তমান অবস্থা, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার-পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, স্যাটেলাইট ক্লিনিক জোরদারকরণ সর্বোপরি চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নের প্রতি অধিক সচেতন থাকার জন্য কমিটি সুপারিশ করা হয়।
এছাড়া দুর্নীতিমুক্ত ও ফ্যাসিস্টদের কার্যক্রমের প্রতি সজাগ থাকা এবং হাসাপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রম গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
এমআই/এসএন