জাতিসংঘকে ‘অকেজো সংগঠন’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
১১:৪০ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘকে ‘অকেজো সংগঠন’ বলে তীব্র সমালোচনা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলি। তার দাবি, সংস্থাটির প্রধান উদ্দেশ্য এখন ‘সৎ উদ্দেশ্যের মুখোশধারী অহংকারী আমলাদের’ একটি গোষ্ঠীকে টিকিয়ে রাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণের শুরুতেই আন্তর্জাতিক এই সংস্থার কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করেন মাইলি।
তিনি বলেন, ‘এটি এমন একটি অকেজো সংগঠনে পরিণত হয়েছে, যার একমাত্র উদ্দেশ্য হলো সৎ উদ্দেশ্যের মুখোশধারী অহংকারী পরজীবীদের একটি গোষ্ঠীকে টিকিয়ে রাখা।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তার অভিযোগ, মানবাধিকারের কথিত রক্ষকেরা এমন কিছু স্বৈরশাসন ও শাসকগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে, যারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত।
ভাষণে আর্জেন্টিনার পররাষ্ট্রনীতির অবস্থানও স্পষ্ট করেন মাইলি। তিনি বলেন, তার দেশ ‘দ্ব্যর্থহীনভাবে’ পশ্চিমা বিশ্বের সঙ্গে নিজেদের একাত্ম করেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আর্জেন্টিনার মূল্যবোধের ‘গভীর সাদৃশ্য’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইসরায়েলের প্রতি আর্জেন্টিনার সমর্থনের ব্যাখ্যা দিতে গিয়ে মাইলি বলেন, পশ্চিমা বিশ্বের সঙ্গে মূল্যবোধের ঘনিষ্ঠতার কারণেই তার সরকার ইসরায়েলের পাশে রয়েছে।
মাইলির নেতৃত্বে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরেছে। জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণেও সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
এমআর/টিএ