© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমাদের ওপর আগ্রাসন চালিয়ে হরমুজের সুবিধা নেয়া যাবে না: পেজেশকিয়ান

শেয়ার করুন:
আমাদের ওপর আগ্রাসন চালিয়ে হরমুজের সুবিধা নেয়া যাবে না: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৩ এএম | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ইরানের ওপর আগ্রাসন চালিয়ে একই সঙ্গে হরমুজ প্রণালীর সুবিধা নেয়া যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি জানান, ইরানের বিরুদ্ধে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেয়া হবে না।

পেজেশকিয়ান জানান, ইরান শক্তিশালী প্রতিবেশী চায়। তবে যারা ইরানিদের ওপর ‘নিরাপত্তাহীনতা’ চাপিয়ে দিতে হরমুজ প্রণালী ব্যবহার করতে চায়, তাদের জন্য এ সুযোগ রাখা হবে না।  

তিনি বলেন, ‘আমরা এমনটা হতে দিতে পারি না যে কেউ এই জলপথ থেকে অবাধে সুবিধা নেবে, অথচ একই জলপথ ব্যবহার করে আমাদের ওপর আগ্রাসন চালাবে, আমাদের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলবে এবং নিজেদের জলপথে আমাদের প্রবেশাধিকারও বন্ধ করবে।’

ইরানের প্রেসিডেন্ট আরও জানান, হরমুজ প্রণালী থেকে সবাই সুবিধা নেবে, অথচ ইরানকে ওই জলপথে নৌ চলাচলের অধিকার থেকে বঞ্চিত করা হবে, এটি গ্রহণযোগ্য নয়। শত্রুভাবাপন্ন নৌবহরের স্থায়ী উপস্থিতি ও যুদ্ধের বিস্তার শান্তি প্রতিষ্ঠা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন হতো।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে দেশটির বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব।

এমআর/টিএ  


মন্তব্য করুন