১০ হাজার রানের মাইলফলকে জস বাটলার
ছবি: সংগৃহীত
০৪:০৮ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
শ্রীলঙ্কার বিপক্ষে লিডসে দ্বিতীয় ওয়ানডেতে এক মাইলফলক ছুঁয়েছেন জস বাটলার। প্রথম ইংল্যান্ড ব্যাটার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১০ হাজারের বেশি রান করলেন তিনি।
৪৯ বলে তার ৬৯ রানের ইনিংসে ছিল পাঁচটি চার ও পাঁচটি ছয়। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ১৪০.৮২ স্ট্রাইক রেট ছিল তার। ইংল্যান্ড ম্যাচটি জিততে পারেনি। ১৬ রানে হেরেছে তারা। ৩২১ রান করা শ্রীলঙ্কা স্বাগতিকদের ৩০৫ রানে থামিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে।

সাদা বলের ক্রিকেটে ৩৬৭ ম্যাচ ও ৩২৬ ইনিংসে এখন বাটলারের মোট রান ১০০৬২। দুই ফরম্যাটে তার সেঞ্চুরি ১৩টি ও হাফ সেঞ্চুরি ৬০টি।
বাটলারের আগে আর কোনো ইংল্যান্ড ব্যাটার ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১০ হাজার রান অতিক্রম করতে পারেননি।
ওয়ানডেতে বাটলার ২০৪ ম্যাচ খেলে ৫৬৭৮ রান করেছেন। এই ফরম্যাটে তিনি ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। টি-টোয়েন্টিতে ১৬৩ ম্যাচে তার রান ৪৩৮৪।
এমআর/টিএ