মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোল হার দিয়ে ফিফা আসিয়ান কাপের মিশন শুরু করল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৫:১২ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলে দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশে দ্বিতীয়ার্ধে কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু যোগ্য ফিনিশিংয়ের অভাবে মেলেনি গোলের দেখা। ফলাফল মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হার। ৩-০ গোল ব্যবধানে হারের মধ্য দিয়ে ফিফা আসিয়ান কাপের মিশন শুরু করল বাংলাদেশ ফুটবল দল।
ফিফা আশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই অনেকটাই গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। আর শুরুতে বাংলাদেশ ছিল ছন্নছাড়া। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার থেকে আসা বল গোলবার বরাবর শট নিয়েছিলেন মালয়েশিয়ার আক্রমণভাগের এক ফুটবলার। কোনোমতে তা টোকা দিয়ে বাইরে পাঠিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
এরপরও একের পর এক আক্রমণ চালাতে থাকে মালয়েশিয়ার আক্রমণভাগের ফুটবলাররা। তাদের আটকাতেই ব্যস্ত থাকে বাংলাদেশের রক্ষণভাগ। কিন্তু ম্যাচের ১৮তম মিনিটে আর গোলবার অক্ষত রাখা সম্ভব হয়নি।
মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইয়ান। তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি বাংলাদেশির অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তাকে পরাস্থ করা আরিফকে থামাতে পারেননি বাংলাদেশের গোলরক্ষকও। আলতো করে টোকা দিয়ে দলকে লিড এনে দেন আরিফ আইমান।
ম্যাচের ৩৮তম মিনিটে তপু বর্মণের ভুলে আরও এক গোল হজম করে বাংলাদেশ। এসময় তপুর দেওয়া ভুল পাশে বল পেয়ে যান মালয়েশিয়ার সেরা তারকা আরিফ আইমান। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। নিজের দ্বিতীয় গোলের করার সঙ্গে ব্যবধানও দ্বিতীয় করেন আরিফ। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোল ব্যবধানে।
দুই গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে খানিকটা আক্রমণের চেষ্টা চালায়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো ম্যাচের ৫২তম মিনিটে খেয়ে বসে আরও এক গোল। এসময় মাঠে ডানপ্রান্ত থেকে আসা বল বাম পায়ে রিসিভ করে ডান পায়ে শট করেন ব্রাজিলে জন্ম নেওয়া মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো। শটের গতি না থাকলেও তা রুখে দিতে পারেননি শ্রাবণ।
এদিকে ৭৬তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী। সতীর্থের বাড়িয়ে দেওয়া বলে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন হামজা। সামনে শুধু মালয়েশিয়ার গোলরক্ষক ছিলেন। কিন্তু তার নেওয়া শট রুখে দেন মালয়েশিয়ার গোলকিপার। দ্বিতীয়বার ফের শট নিলে কর্নারের বিনিময়ে তা ঠেকান তিনি।
এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে ০-৩ গোল ব্যবধানে হেরে মাঠ ছাড়েন থমাস ডুলির শিষ্যরা।
এফআর/টিএ