মেসির বিদায়ী ম্যাচ, ২ ঘণ্টাতেই শেষ সব টিকিট
ছবি: সংগৃহীত
০৫:৫০ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে শেষবার মাঠে দেখার আগ্রহ কতটা তীব্র, তার প্রমাণ মিলেছে টিকিট বিক্রিতে। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র দুই ঘণ্টায়।
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে এটিই মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবার বিক্রি শুরু হওয়ার পর ৮৫ হাজার ১৮টি টিকিট দ্রুতই শেষ হয়ে যায়।
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে থাকছে বিশেষ আয়োজনও। ম্যাচটিতে ৩৯ বছর বয়সি এই তারকা বিশেষ একটি জার্সি পরে মাঠে নামবেন। সেখানে তার নাম এবং ঐতিহাসিক ১০ নম্বরটি থাকবে সোনালি নকশায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই জার্সির ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ একটি ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’
আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ার অর্জনে ভরা। ২০২২ বিশ্বকাপের পাশাপাশি তিনি জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০০৮ অলিম্পিকের সোনা। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি, সঙ্গে রয়েছে ৬৮টি অ্যাসিস্ট।
ফলে আগামী ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচটি নিছক একটি প্রীতি ম্যাচের চেয়ে অনেক বেশি কিছু হতে যাচ্ছে। আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার দেখার আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে ইতোমধ্যেই টিকিটের জন্য ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এফআর/টিএ