© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াল ব্রাজিল

শেয়ার করুন:
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াল ব্রাজিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৪ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এস্তেভাও গোল করলেও ভিএআর’র সিদ্ধান্তে হতাশ হয় ব্রাজিল শিবির। দ্বিতীয়ার্ধে নেস্তোরি ইরানকুন্দার দুর্দান্ত গোলে অস্ট্রেলিয়া এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল, ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়েই ছাড়বে স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তে রায়ান গোল করে ম্যাচে সমতা ফেরান। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল।

টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। ২০তম মিনিটে অস্ট্রেলিয়ার জ্যাকসন আরভিন হলুদ কার্ড দেখেন।

বিরতির ঠিক আগে নাটকীয় মুহূর্তের জন্ম দেয় ব্রাজিল। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে এস্তেভাও বল জালে পাঠান। ব্রাজিলিয়ানরা গোল উদ্‌যাপন শুরু করলেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করে দেন রেফারি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।



দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ব্রাজিল ৬৫ শতাংশ বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালালেও অস্ট্রেলিয়ার রক্ষণ ও গোলরক্ষক প্যাট্রিক বিচকে পরাস্ত করতে পারছিল না। উল্টো ম্যাচের ৬৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন নেস্তোরি ইরানকুন্দা। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

গোল হজমের পর ব্রাজিল আক্রমণের গতি আরও বাড়ায়। কার্লো আনচেলত্তি একের পর এক পরিবর্তন এনে আক্রমণভাগকে আরও শক্তিশালী করেন। ৬২তম মিনিটে ব্রুনো গিমারেসের জায়গায় মাঠে নামেন ডগলাস লুইজ। এরপর ৬৫তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ও এন্ড্রিককে তুলে স্যামুয়েল লিনো ও পেদ্রোকে মাঠে নামানো হয়।

অস্ট্রেলিয়ার গোলের পরও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারায়নি ব্রাজিল। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে সেই অপেক্ষার অবসান ঘটে। রায়ানের গোলে সমতায় ফেরে ব্রাজিল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

বিশ্বকাপের পর নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় না পেলেও শেষ মুহূর্তে হার এড়াতে পেরেছে ব্রাজিল। আগামী ২৯ সেপ্টেম্বর আরও একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে দুদল।

এমআর/টিএ  

মন্তব্য করুন