© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদেশিদের জন্য কোটি টাকা, দেশি শিল্পীরা শো পান না: অনি হাসান

শেয়ার করুন:
বিদেশিদের জন্য কোটি টাকা, দেশি শিল্পীরা শো পান না: অনি হাসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বিদেশি শিল্পীদের আনতে কোটি কোটি টাকা খরচ করা যায়, অথচ দেশের মেধাবী শিল্পীদের জন্য বড় আয়োজন করা হয় না এমন প্রশ্ন তুলেছেন ওয়ারফেজের সাবেক গিটারিস্ট অনি হাসান। বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজকদের বিপুল আগ্রহের বিপরীতে দেশি শিল্পীদের পর্যাপ্ত শো না পাওয়ার বিষয়টি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অনি হাসান বলেন, দেশের শিল্পীরা পর্যাপ্ত কাজের সুযোগ না পেয়ে ধীরে ধীরে হতাশ ও নিরুৎসাহিত হচ্ছেন। তার প্রশ্ন, বিদেশি শিল্পীদের আনতে যে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, সেই অর্থ দিয়ে দেশের শিল্পীদের নিয়ে বড় কনসার্ট বা মানসম্মত প্রযোজনা করা যায় না কেন?

অনি লিখেছেন, ‘আয়োজকেরা কোটি কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পীদের আনতে পারেন। অথচ দেশের মেধাবী শিল্পীরা পর্যাপ্ত শো না পেয়ে ধীরে ধীরে হতাশ ও নিরুৎসাহিত হয়ে পড়ছেন। বাইরের শিল্পীদের এভাবে প্রচার ও সুযোগ দেওয়ায় আমাদের দেশের লাভটা কী?’



সম্প্রতি ভারত ও পাকিস্তানের কয়েকজন শিল্পী ও ব্যান্ডকে নিয়ে বাংলাদেশে বড় পরিসরে কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো কোনো আয়োজন অনুষ্ঠিত হলেও কয়েকটি শেষ মুহূর্তে স্থগিত হয়েছে। চলতি সময়েও দেশের বিভিন্ন আয়োজক প্রতিষ্ঠান বিদেশি শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিয়েছিল। এসব আয়োজনে বাংলাদেশের শিল্পীদেরও পারফর্ম করার কথা ছিল।

তবে বিদেশি শিল্পীদের পাশাপাশি দেশের শিল্পীদের জন্য আরও বড় পরিসরে কাজের সুযোগ তৈরির ওপর জোর দিয়েছেন অনি। তার মতে, বিদেশি শিল্পীদের পেছনে যে অর্থ খরচ করা হচ্ছে, তার একটি অংশ দেশি শিল্পীদের নিয়ে ভালো প্রযোজনা ও বড় আয়োজনেও বিনিয়োগ করা যেতে পারে।

তিনি আরও লিখেছেন, ‘আমরা কি সেই অর্থ দেশের শিল্পীদের নিয়ে ভালো কিছু প্রযোজনা, বড় কনসার্ট কিংবা মানসম্মত আয়োজন করতে বিনিয়োগ করতে পারি না? এতে যেমন দেশের শিল্পীরা আরও বড় পরিসরে কাজের সুযোগ পাবেন, তেমনি দেশের সংগীতাঙ্গনও আরও সমৃদ্ধ হবে।’

গিটারিস্ট হিসেবে সংগীতজীবন শুরু করেন অনি হাসান। মাত্র ১৮ বছর বয়সে সংগীতে পা রাখেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে ভাইব ব্যান্ডের সঙ্গে কাজ করেন। পরে ভাইব ভেঙে গেলে যোগ দেন ওয়ারফেজে।

উচ্চশিক্ষার জন্য ২০১১ সালে বাংলাদেশ ছাড়েন অনি। বর্তমানে চীনে বসবাস করছেন তিনি। প্রায় এক যুগ আগে ওয়ারফেজের সঙ্গে ঢাকার মঞ্চে শেষবার দেখা গিয়েছিল এই গিটারিস্টকে।

এসএ/টিএ

মন্তব্য করুন