ফিলিস্তিনিরাই ফিলিস্তিন শাসন করবে: জাতিসংঘে চীন
ছবি: সংগৃহীত
১১:৩২ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
গাজা পুনর্গঠন ফিলিস্তিনিদের নিজেদের শাসনের নীতিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছে চীন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং ফিলিস্তিন-ইসরায়েল সংকটের সমাধানে দুই-রাষ্ট্রভিত্তিক ব্যবস্থায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বক্তব্য দেয়ার সময় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এসব কথা বলেন।
মধ্যপ্রাচ্য প্রসঙ্গে হান ঝেং বলেন, উপসাগরীয় দেশসহ এ অঞ্চলের রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। গাজার পুনর্গঠন ‘ফিলিস্তিনিরাই ফিলিস্তিন শাসন করবে’, এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নেয়া উচিত। পাশাপাশি দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
চীনের এ অবস্থান অবশ্য নতুন নয়। এর আগে আগস্টে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছংও বলেছিলেন, পশ্চিম তীরের শাসন ও যুদ্ধ-পরবর্তী গাজার পুনর্গঠন ‘ফিলিস্তিনিরাই ফিলিস্তিন শাসন করবে’ নীতিতে এগিয়ে নিতে হবে। তিনি একইসঙ্গে ফিলিস্তিনিদের বৈধ জাতীয় অধিকার এবং দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে চীনের অবস্থান তুলে ধরেন।
হান ঝেং তার বক্তব্যে বিশ্বব্যবস্থায় জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার ওপরও জোর দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তি সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিরোধের সমাধান হওয়া উচিত সংলাপের মাধ্যমে। জাতিসংঘ সনদ লঙ্ঘন করে একতরফা সামরিক পদক্ষেপ নেয়া বা নিরাপত্তা পরিষদের অনুমোদন এড়িয়ে যাওয়ার বিরোধিতা করেন তিনি।
বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় বড় দেশগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন চীনের এই নেতা। তার মতে, বড় দেশগুলোর উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং শান্তি ও নিরাপত্তা রক্ষায় নেতৃত্ব দেয়া।
এমআই/টিএ