প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগভেরিফিকেশনে নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত
০৪:৫২ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
চূড়ান্ত সুপারিশ পেয়েও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ে নিয়োগপত্র না পাওয়ায় রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচিতে নামেন তারা।
নিয়োগবঞ্চিতদের ভাষ্য, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও পুলিশ ভেরিফিকেশনে তাদের বাদ দেয়া হয়েছে। এর ফলে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি তারা। আবার কী কারণে তাদের বাদ দেয়া হয়েছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি। এই অবস্থায় নিয়োগপত্র নিয়ে আগামী ১ অক্টোবর থেকে চাকরিতে যোগ দিতে যাওয়া অন্য প্রার্থীদের সঙ্গে একই সময়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেয়ার দাবি জানিয়েছেন তারা।
নিয়োগপত্রের বিষয়ে সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়েছে কিনা- এমন প্রশ্নে নিয়োগবঞ্চিতরা জানিয়েছেন, ইতোমধ্যে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গেছে। তারা ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববারের এই অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন চাকরিপ্রার্থীরা। ওই সময় সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ১৪ হাজার ৩৮৪ জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনে অন্তত ২ হাজার প্রার্থীর নিয়োগপত্র ইস্যু হয়নি।
এসএন