© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমান মুক্তাদিরের ঘটনায় বিএনপিকে চাঁদাবাজ বলা ষড়যন্ত্রের অংশ : রাশেদ খান

শেয়ার করুন:
সালমান মুক্তাদিরের ঘটনায় বিএনপিকে চাঁদাবাজ বলা ষড়যন্ত্রের অংশ : রাশেদ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১২ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় ঢালাওভাবে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্ট রাশেদ খান লিখেন, নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীনের সাথে সামরিক বাহিনীর কয়েকজন সাবেক অফিসারের জমি নিয়ে দ্বন্দ্বের জেরে নাজিম উদ্দীনের অফিস মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় ঢালাওভাবে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। নাজিম উদ্দীন একজন কুখ্যাত ভূমিদস্যু ও আওয়ামী লীগের ডোনার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সে জেলও খেটেছে। 

তিনি বলেন, আওয়ামী লীগের সময় প্রভাব খাটিয়ে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের জমি দখলের পাশাপাশি অতিসম্প্রতি নিউ গিনি প্রোপার্টিজের চারপাশে অবৈধভাবে গেট করে তাদের চলাচলও বন্ধ করে দিয়েছে এই ভূমিদস্যু।

আমার প্রশ্ন হলো, একজন কুখ্যাত ভূমিদস্যুর বিতর্কিত জায়গা কেন সালমান মুক্তাদির ভাড়া নিবেন? তার মতো পরিচিত কনটেন্ট ক্রিয়েটরের কখনোই উচিত না একজন ভূমিদস্যু ও আওয়ামী লীগের ডোনারের কাছ থেকে বিতর্কিত জায়গা ভাড়া নেওয়া। যতটুকু জানতে পেরেছি, নিউ গিনি প্রোপার্টিজের ভূমিদস্যু মালিক শেল্টার পাওয়ার উদ্দেশ্যেই সালমান মুক্তাদিরের কাছে বিতর্কিত জায়গা ভাড়া দিয়েছে।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, সালমান মুক্তাদির নিজেই বললেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। এমনকি নিউ গিনি প্রোপার্টিজের বিতর্কিত মালিকও দাবি করেননি তার কাছে কেউ চাঁদা দাবি করেছে।

বরং সামরিক বাহিনীর কিছু সাবেক কর্মকর্তারা জমির পুনরুদ্ধার করতে গিয়ে প্রক্রিয়া ও আইনগত ভুল করেছেন। আইন-শৃঙ্খলা বাহিনী ও আদালতের দ্বারস্থ হওয়াটাই ছিল তাদের জন্য উপযুক্ত সমাধান। এখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপি নাম আসাটাই অবান্তর। যেহেতু দখলকারী ও দখল পুনরুদ্ধারকারী কেউই বিএনপির না। তাহলে কেন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে পলিটিক্যাল ড্যামেজ করা হচ্ছে?

তিনি বলেন, এই ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ও অভিযান চলমান রয়েছে। ঘটনার সাথে, সামনে ও পেছনে যারাই জড়িত থাকুক না কেন ন্যূনতম ছাড় পাবে না। কিন্তু দল হিসেবে বিএনপিকে যারা কাঠগড়ায় দাঁড় করাতে মরিয়া, তাদের অসৎ উদ্দেশ্য ইতিমধ্যে স্পষ্ট হয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন