© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এশিয়ান গেমস থেকে ছিটকে পড়লেন নাজমুল, ফিরছেন দেশে

শেয়ার করুন:
এশিয়ান গেমস থেকে ছিটকে পড়লেন নাজমুল, ফিরছেন দেশে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৪ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়ান গেমসের জন্য শক্তিশালী দল নিয়েই জাপানে গেছে বাংলাদেশ। এই দলের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্তও। তবে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে এই টপ অর্ডার ব্যাটারকে। অসুস্থতার জন্য আগামীকাল জাপান থেকে দেশে ফিরেবেন তিনি।

এশিয়ান গেমসে বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব) বলেন, 'শান্তর অনেক জ্বর। তাকে নাগোয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বিশ্রাম প্রয়োজন এবং খেলার মতো অবস্থায় নেই। তাই তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

শান্ত হাসপাতাল থেকে টিম হোটেলে এসেছেন। তার শারীরিক পরিস্থিতি ভালো নয়। বমিও করেছেন কয়েকবার। অসুস্থ অবস্থায় একা দেশে ফেরা কঠিন। তবে এটাতে সমস্যা দেখছেন না বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল, 'এত গুরুতর অসুস্থ নয় যে একা যেতে পারবে না। তার পরিবর্তে অন্য খেলোয়াড় স্কোয়াডে আসবে কি না সেই সিদ্ধান্ত এখনো হয়নি।'

শান্তর শারীরিক পরিস্থিতি সম্পর্কে দলের সাথে থাকা ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, 'আসার ফ্লাইট থেকেই জ্বর অনুভূত হচ্ছিল। এটা উঠানামা করছে। রক্ত পরীক্ষা করা হয়েছে। এতে ডেঙ্গু-কোভিড নেগেটিভ এসেছে। তবে রক্তে ইনফেকশন রয়েছে। শরীর অনেক দুর্বল হওয়ায় খেলা সম্ভব নয় তার, তাই দেশে ফিরে যাচ্ছে।'

শান্তর বিকল্প ক্রিকেটার নেওয়ার প্রক্রিয়া প্রসঙ্গে বাংলাদেশের শেফ দ্য মিশন বলেন, 'দীর্ঘ তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে থেকে চাইলে ক্রিকেট বোর্ড খেলোয়াড় আনতে পারে।'

আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ অক্টোবর সেমিফাইনাল ও ৩ অক্টোবর ফাইনাল। 

আরআই/টিএ

মন্তব্য করুন