ইরফান-সাদিয়ার এমন দশার নেপথ্যে কী?
ছবি: সংগৃহীত
০৩:০৫ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সামাজিক মাধ্যমে এই দুই অভিনয়শিল্পীর অবস্থা দেখে যেন থমকেই গেছে অনুরাগীরা! তাতে দেখা যাচ্ছে, পর্দার নিয়মিত মুখ ইরফান সাজ্জাদের ডান হাত ভাঙা, আর্ম স্লিং দিয়ে ঝুলিয়ে রাখা গলায়। কপালে ব্যান্ডেজ এবং মুখে মারামারির চোটের চিহ্ন। তার পাশে দাঁড়িয়ে থাকা অভিনেত্রী সাদিয়া আয়মানের একই হাল! মাথা জুড়ে পেঁচানো সাদা ব্যান্ডেজ।
প্রথম দর্শনে দুজনের এই ক্ষতবিক্ষত দশা দেখে যে কারও মনে আতঙ্ক কিংবা বিস্ময় জাগাই স্বাভাবিক। কিন্তু নাটকের এই জুটির কেন এই নাজেহাল দশা, তা খানিক্ষণ পরই বুঝতে পেরেছে নেটিজেনরা; নেপথ্যের রহস্য উন্মোচন করেছেন অভিনেতা নিজেই।
বাস্তবে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা কিংবা মারামারি নয়, বরং এটি তাদের আসন্ন এক নাটকের শুটিং সেটের দৃশ্য। স্থিরচিত্রের ক্যাপশনে রসিকতা ছড়িয়ে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘কে কাকে মারল? বিবাহ বিভ্রাট। আসছে…’।
অভিনেতার এই ভাষ্য থেকেই স্পষ্ট, ‘বিবাহ বিভ্রাট’ শিরোনামের একটি নতুন নাটকের চরিত্রায়নের প্রয়োজনে এমন অদ্ভুত ও আহত লুকে ফ্রেমে বন্দি হয়েছেন এই জুটি।
পোস্টের মন্তব্যের ঘরে নানা মন্তব্য করেছেন দর্শকেরা। একজন মজা করে লিখছেন, ‘মনে হচ্ছে দুজনের মধ্যে ফাটাফাটি যুদ্ধ হয়েছে’।
এসএ/এসএন