ডি থ্রির ফাইনালেও বিপিএলের মতো অনুষ্ঠান করতে চায় বিসিবি
ছবি: সংগৃহীত
০৮:৩৯ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এবারের মৌসুমে মাঠে গড়াবে না বিপিএল। যে কারণে তিন সংস্করণ মিলিয়ে নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি আয়োজন করতে যাচ্ছে বিসিবি। প্রথমে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সংস্করণ যার ম্যানেজমেন্ট ড্রাফট এবং আইকন ড্রাফটও সম্পন্ন হয়ে গেছে।
আজ ম্যানেজমেন্ট ড্রাফট শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান জানালেন বিপিএলের মতো এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হবে, 'ট্রফি উদযাপনেই যদি এত লোক হয়, খেলা হলে কি হবে এটা কেবল চিন্তা করেন। তাই এই কারণেই আমি বলছি ওখানে বড় কিছু হবে ইনশাআল্লাহ এবং আমাদের উদ্বোধনটাও ভালো হবে, এবং আমরা চাচ্ছি বিপিএলের মতোই একটা সমাপনী অনুষ্ঠান করতে।'
টুর্নামেন্টে ফরচুন ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। কোচকে নিয়ে দলটির স্বত্বাধিকারী মিজানুর রহমান বললেন, 'আমরা ইতোমধ্যে উনাদের পরিবর্তে যাদেরকে পাব, তার জন্য আজকেই একটা আবেদন করে রাখব। যেমন ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সালাউদ্দিন সাহেবকে পাওয়া যাবে। কিন্তু চার দিনের ম্যাচে পাওয়া যাবে না। তাই চার দিনের ম্যাচের জন্য আমাদেরকে আরেকটা পথ খুঁজে নিতে হবে।'
হৃদয়কে দলে ভেড়ানোর কারণ জানিয়ে মিজান বলেন, 'হৃদয় এই মুহূর্তে তারকা খেলোয়াড়। সে এখন পর্যন্ত জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে না। আমার চিন্তা হচ্ছে, গত ৩, ৪, ৫ বছরে যখন সে আরও পরিপক্ক হবে, দুই-চারটা আমাদের এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে চাপ নিতে পারবে, আমার ধারণা সে বাংলাদেশের সেরা খেলোয়াড় হতে পারবে।'
বিপিএলে ফেরা নিয়ে মিজান বলেন, 'আমার জন্য পর্যাপ্ত সময় ছিল না, এজন্য আমি কিন্তু বিপিএলে আসি নাই। আগামী বছর যখন বিপিএল আসবে, আপনি আমাকে দেখতে পাবেন। কারণ আমি ক্রিকেটপ্রেমী এবং ক্রীড়াপ্রেমী। আমি বোর্ডের বিষয়গুলো বলব না, ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমি আসবই, নিশ্চিতভাবে।'
এমআর/টিএ