© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৮ এএম | ০১ অক্টোবর, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম এবং আব্দুল হাকিম। তারা শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার বাসিন্দা। 

এছাড়া আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তার শ্বশুর এবং আরও ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী হাটে গিয়েছিলেন। গরু কেনা শেষে ফেরার পথে শিবগঞ্জ উপজেলার পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে নিহতের ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল এবং একজন ঘটনাস্থলেই মারা গেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআর/টিএ  

মন্তব্য করুন