চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ
ছবি: সংগৃহীত
১১:৩৯ এএম | ০১ অক্টোবর, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টিফিনের খাবার খাওয়ার পর পেটে ব্যথা ও বমিতে আক্রান্ত হলে শিক্ষকরা তাদের দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেওয়ার পর বর্তমানে সব শিশুই সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত এক আদেশে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটিকে সরবরাহকৃত খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্ণিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এফআর/এসএন