সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী
ছবি: সংগৃহীত
০৩:২২ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
বাংলাদেশের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানার নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুলেছেন ইন্দোনেশিয়ার নারী আলানা। শুক্রবার এক্স হ্যান্ডলে তিনি একটি পোস্ট দেন। সেখানে জানান, ছবি ও ভিডিওগুলো নেপালে তোলা।
আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের এই হারেই টুর্নামেন্টে দলের সম্ভাবনা শেষ হয়ে যায়। এর পরপরই সাদ ও সোহেলের ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি আলানার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। তাতে দুই ফুটবলারের সঙ্গে তিন নারীকে দেখা যায়। আরেকটি ভিডিওতে গানের তালে নাচতে দেখা যায় সাদকে।
এত বড় হারের পর এমন ভিডিও সামনে আসায় সমর্থকেরা ক্ষুব্ধ হন। অনেকে ধরে নেন, ম্যাচের পরই দুজন নাইটক্লাবে গিয়েছিলেন।
নতুন পোস্টে আলানা লিখেছেন, ‘শুধু স্পষ্ট করে বলতে চাই, ছবি ও ভিডিওগুলো দুই মাস আগে নেপালে তোলা। সেখানে আমি সত্যিই ভালো মনের ও পেশাদার কিছু বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম।’
তিনি আরও লিখেছেন, ‘পোস্টগুলোর কারণে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে আমি দুঃখিত। আমি সব সময়ই দেরিতে পোস্ট করি। ভ্রমণের সময় খুব কমই কিছু শেয়ার করি। কারণ আমি নিজের অবস্থান গোপন রাখতে এবং মুহূর্তটা উপভোগ করতে পছন্দ করি। এটুকুই।’
এর আগে সাদ ও সোহেল একটি সংবাদমাধ্যমকে একই কথা বলেছিলেন। তারা জানান, ক্যাম্প শুরুর আগে দুজন নেপালে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই আলানার সঙ্গে তাদের পরিচয় হয়। তারা বলেছিলেন, ‘মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।’
আলানা আগে অবশ্য অন্য কথা লিখেছিলেন। এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছিলেন, ‘বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।’ তার আগের এই পোস্টের সঙ্গে নতুন বক্তব্যের পার্থক্য আছে।
পরে আলানা সেই পোস্ট মুছে ফেলেন। একাধিক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ হলে তিনি সেখানে গিয়ে ভিডিও মুছে ফেলার অনুরোধ করেন। কেউ না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।
এফআর/টিএ