© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্ধ হয়ে গেল স্কারলেটের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসে’

শেয়ার করুন:
বন্ধ হয়ে গেল স্কারলেটের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৫ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসেট’-এর যাত্রা শুরু হয়েছিল মাত্র চার বছর আগে। তবে এরই মধ্যে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিদায়ি বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ‘এক অসাধারণ যাত্রার পর আউটসেট তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যারা আমাদের পণ্য দৈনন্দিন রূপচর্চায় বেছে নিয়েছিলেন এবং এই যাত্রায় পাশে ছিলেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ঘোষণার পর থেকেই ব্র্যান্ডটির নিজস্ব ওয়েবসাইটে নতুন করে পণ্য কেনার সুযোগ বন্ধ হয়ে গেছে।



তবে আগে যারা পণ্যের অর্ডার দিয়েছেন, তাদের কাছে নির্ধারিত নিয়মেই সেসব পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালে ব্র্যান্ড চালুর ঘোষণা দিয়েছিলেন স্কারলেট। পরের বছর সৌন্দর্যশিল্পের নির্বাহী কেট ফস্টারের সঙ্গে যৌথভাবে যাত্রা শুরু করে ‘দ্য আউটসেট’। ক্ষতিকর উপাদানমুক্ত এবং সংবেদনশীল ত্বকের উপযোগী রূপচর্চার পণ্য তৈরি করাই ছিল প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

তবে গত বছর কেট ফস্টার প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই এর পরিচালনা নিয়ে টানাপড়েন শুরু হয়। এরই ধারাবাহিকতায় এবার পুরোপুরি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিল ব্র্যান্ডটি।

সাম্প্রতিক সময়ে তারকাদের নিজস্ব সৌন্দর্য ও প্রসাধনসামগ্রীর ব্র্যান্ডগুলোকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। বাজারে টিকে থাকার চ্যালেঞ্জের কারণে এর আগে বেশ কয়েকটি তারকা-উদ্যোগও ব্যবসা গুটিয়ে নিয়েছে।

সেই তালিকায় রয়েছে গায়িকা গুয়েন স্তেফানির ‘গিভ বিউটি’ এবং অভিনেত্রী ড্রু ব্যারিমোরের ‘ফ্লাওয়ার বিউটি’র মতো ব্র্যান্ড। এবার সেই পথেই হাঁটল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’।

এসএ/টিএ

মন্তব্য করুন