বিশ্বাসঘাতকতার প্রতিশোধ ঠান্ডা মাথায় নেওয়াই ভালো: রোনালদোর বোন
ছবি: সংগৃহীত
১০:১৭ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
পর্তুগাল জাতীয় দলে অনিশ্চিত হয়ে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যত। বিশেষ করে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায়।
দলটি কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, রোনালদোর প্রস্থানে দলের ঐক্যে কোনো প্রভাব বা ফাটল ধরেনি।
গত বুধবার রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে পর্তুগালের ক্যাম্প ছাড়ার ঘোষণা দেন। যদিও কারণ স্পষ্ট করেননি। সময় হলেই সব জানতে পারার নিশ্চয়তা অবশ্য দিয়েছেন।
সেই পোস্টে পর্তুগালের তারকা লেখেন, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসার সঙ্গে আলোচনার পর তিনি ক্যাম্প ছেড়েছেন।’
ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে মাঠে নামেন রোনালদো। ১-০ গোলে জয় পায় তার দল। কিন্তু নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে পুরো সময় বেঞ্চে ছিলেন তিনি।
ক্যাম্প ছেড়ে রোনালদো চলে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বোন এলমা আভেইরো লেখেন, ‘বিশ্বাসঘাতকতার প্রতিশোধ ঠান্ডা মাথায় নেওয়াই ভালো।’
এর মধ্যেই রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়রথ ছুটছে। বৃহস্পতিবার ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে দলটি। এতে নেশন্স লিগের গ্রুপ এ৪-এর শীর্ষস্থানও ধরে রেখেছে তারা। আগামী রোববার আবার নরওয়ের মুখোমুখি হবে পর্তুগাল।
রোনালদোকে ঘিরে পরিস্থিতির পরও দলের সবাই তার সঙ্গে আছেন কি নাম এমন প্রশ্নের জবাবে জেসুস বলেন, ‘হ্যাঁ। এমন কিছুই নেই, যা দলকে আমার সঙ্গে থাকার পথে বাধা দিতে পারে। আমি প্রশ্নটা বুঝতে পারছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের কী করতে হবে। যা কিছু ঘটছে, সেগুলো দলকে আলাদা করে দেয়নি, আমাদের আলাদা করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।’
জেসুসের অধীনে পর্তুগাল এখন টানা তিন ম্যাচ জিতেছে, যার সর্বশেষ দুই ম্যাচেই দলে ছিলেন না রোনালদো।
এমআর/টিএ