ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম ও লেনদেন হলে কঠোর আইনি ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০১:২৭ এএম | ০৩ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহের নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণে যেকোনো ধরনের অনিয়ম ও আর্থিক লেনদেনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, নান্দাইলে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে কারও কাছ থেকে টাকা নেওয়া হলে বা কোনো অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি লিখেন, নান্দাইল থেকে আমি যদি কোনো অভিযোগ পাই যে ফ্যামিলি কার্ডের জন্য কেউ কোনো টাকা নিয়েছে তাহলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব। কাজেই, সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিলাম। সাবধান। তবে আমি বিশ্বাস করি আমাদের নান্দাইলের কেউ এরকম দুর্নীতির সাথে জড়িত থাকবেন না।
সামাজিক মাধ্যমে প্রতিমন্ত্রীর এই কঠোর বার্তা প্রকাশের পর স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, প্রতিমন্ত্রীর এই প্রত্যক্ষ নজরদারির ফলে প্রকৃত অসচ্ছল ব্যক্তিরাই সরকারি সুবিধা পাবেন এবং অনিয়মকারীদের অপচেষ্টা নস্যাৎ হবে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, তথ্য প্রতিমন্ত্রী একজন অত্যন্ত দায়িত্বশীল ও জনবান্ধব নেতা। দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে তার নীতি শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স)। তার নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না—এ কথা তিনি শুরু থেকেই স্পষ্ট করে আসছেন।
এমআই/টিএ