‘রণবালী’র সেটে বিজয়-রাশমিকার খুনসুটি
ছবি: সংগৃহীত
০৮:৪৩ পিএম | ০৩ অক্টোবর, ২০২৬
দক্ষিণী সিনেমার অন্যতম চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা ও মান্দানা। পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকের নজর কাড়ে, তেমনি ব্যক্তিজীবনের সম্পর্কের গুঞ্জন নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই।
এবার সেই আগ্রহ আরো বাড়িয়ে দিল ‘রণবালী’ সিনেমার সেট থেকে বিজয়ের শেয়ার করা কিছু মুহূর্ত। আগামী পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রণবালী’-র শুটিংয়ের ফাঁকে রাশমিকার সঙ্গে বেশ কিছু খুনসুটির মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন বিজয়। ছবিগুলোতে ঐতিহ্যবাহী পোশাকে দুজনের নজরকাড়া উপস্থিতির পাশাপাশি বিজয়ের ক্যাপশনও নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।
রাশমিকাকে নিজের প্রতিদিনের আনন্দ ও বিনোদনের উৎস হিসেবে উল্লেখ করে বিজয় লেখেন, ‘এখানে সবাই ওকে কিউট স্যাভেজ বলে ডাকে। আমার প্রতিদিনের বিনোদনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি নিজে কতটা গম্ভীর, সেই ভাবনা থেকে ও আমাকে প্রতিনিয়ত দূরে রাখে।’
ছবিগুলোতে রশ্মিকাকে দেখা গেছে বেগুনি রঙের সাবেকি শাড়ি ও সোনার গয়নায়। সিনেমায় তাঁর চরিত্রের নাম ‘জয়াম্মা’। অন্যদিকে বিজয়ের সাজেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। সাদা পোশাকে তাঁকে দেখা গেছে ‘শিঙ্গনামালা বব্বিলি রণবালী’ লুকে।
গম্ভীর ও টানটান উত্তেজনার গল্পের শুটিংয়ের মাঝেও সেটে যে এই জুটির খুনসুটি চলেছে, তা বিজয়ের পোস্টেই স্পষ্ট। পোস্টটি প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে ভালোবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। দুজনকে একসঙ্গে ‘Pookie’ বলেও অভিহিত করেছেন অনেকে। ঐতিহাসিক পটভূমিতে রক্তক্ষয়ী সংগ্রামের গল্পের পাশাপাশি বিজয়-রশ্মিকার এই মিষ্টি মুহূর্ত সিনেমাটি নিয়ে দর্শকের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে।
বলা দরকার, রাহুল সংকৃত্যায়ন পরিচালিত ‘রণবালী’ সিনেমাটি আগামী ১৬ অক্টোবর ২০২৬ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসএ/টিএ