‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেলেন চেক ইন-এর প্রতিষ্ঠাতা ও সিইও নাঈম আবির
ছবি: সংগৃহীত
০৮:৫০ পিএম | ০৩ অক্টোবর, ২০২৬
পর্যটন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাঈম আবির। পর্যটন শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, নীতি ও উন্নয়ন নিয়ে ধারাবাহিক ও তথ্যভিত্তিক সাংবাদিকতার জন্য তাকে ‘সেরা পর্যটন সাংবাদিকতা’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।
বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং পর্যটন উদ্যোক্তাদের উৎসাহিত করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হয়।
শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে এক জমকালো অনুস্ঠানে নাঈম আবির’কে এই পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
নাঈম আবির দীর্ঘদিন ধরে দেশের পর্যটন, এভিয়েশন, হোটেল-রিসোর্ট, অভিবাসন ও ভ্রমণ খাত নিয়ে সাংবাদিকতা করে আসছেন। তার প্রতিবেদনে পর্যটন শিল্পের সম্ভাবনার পাশাপাশি অবকাঠামোগত সীমাবদ্ধতা, নীতিগত জটিলতা, পর্যটক ও যাত্রীদের নানা সমস্যা এবং সংশ্লিষ্টদের মতামত উঠে এসেছে।
বর্তমানে স্টার নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত নাঈম আবির পর্যটন ও এভিয়েশন খাতের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক বিষয়েও সাংবাদিকতা করছেন। পাশাপাশি দেশের পর্যটন শিল্পকে সাধারণ মানুষের কাছে আরও সহজ, আকর্ষণীয় ও তথ্যভিত্তিকভাবে তুলে ধরতে তিনি প্রতিষ্ঠা করেছেন ভ্রমণভিত্তিক ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে তিনি দেশের পর্যটন, এভিয়েশন, হোটেল-রিসোর্ট ও ভ্রমণ খাত নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি ও প্রকাশ করছেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় নাঈম আবির বলেন, “পর্যটন সাংবাদিকতার মতো একটি বিশেষায়িত ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতায় আমাকে অনুপ্রাণিত করবে।”
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে দেওয়া ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’-এ পর্যটন শিল্পের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংগঠনকে মোট ১৬টি ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পর্যটন উদ্যোক্তা, ট্যুর অপারেটর, হোটেল, বিনোদন পার্ক, তরুণ পর্যটন উদ্যোক্তা, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর, পর্যটন নারী উদ্যোক্তা, ট্যুর গাইড, মাইস উদ্যোগসহ সেরা পর্যটন সাংবাদিকতা।
এমআর/টিএ