কোন মানুষদের প্রতি মায়া অনুভব করেন ওমর সানী
ছবি: সংগৃহীত
০২:৫৯ এএম | ০৪ অক্টোবর, ২০২৬
চলচ্চিত্রের পর্দায় নানা চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে প্রকৃতি ও সাধারণ মানুষের প্রতি নিজের ভালো লাগার কথা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। এবার হাঁটতে বেরিয়ে গ্রামের হাটের একটি সাধারণ দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ওমর সানী। ছবিটিতে দেখা যায়, গ্রামের হাটে কয়েকজন মানুষ ডিম নিয়ে বসে আছেন। সেগুলো বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন তারা। সাধারণ এই দৃশ্যই অভিনেতার মনে তৈরি করেছে অন্যরকম অনুভূতি।
ছবিটির সঙ্গে ওমর সানী লিখেছেন, ‘অবাক কাণ্ড! আমি যখন হাঁটতে বেরোলাম, ঠিক এই ধরনের দৃশ্যই আমার চোখে পড়ল। সাটুরিয়া, মানিকগঞ্জ।’
এরপর নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেতা লিখেছেন, ‘এত চোর-ছ্যাঁচড়দের ভিড়ে এদের প্রতি মায়াটা অন্যরকম মনে হয়।’
ওমর সানী আরও জানান, এমন দৃশ্য তার রেস্টুরেন্টের আশপাশেও প্রায়ই দেখা যায়। তার ভাষায়, ‘এই দৃশ্য আমার রেস্টুরেন্টের খুব আশেপাশেই দেখা যায়, এই পরিবেশে সারাদিন কেটে যাবে।’
অভিনেতার পোস্টে উঠে এসেছে গ্রামীণ জীবনের প্রতি তার টান। শহুরে ব্যস্ততার বাইরে হাটের এমন সহজ-সরল দৃশ্য যে তাকে কিছুটা প্রশান্তি দেয়, সেটিই যেন ফুটে উঠেছে তার কথায়।
পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই ওমর সানীর এমন সাধারণ মুহূর্তের অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
একেএস/টিএ