গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে অভিনেতা কামাল বায়েজীদ
ছবি: সংগৃহীত
০১:৫৪ পিএম | ০৪ অক্টোবর, ২০২৬
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অভিনেতা কামাল বায়েজীদ। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিনয়শিল্পী সংঘের এই সদস্যের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর নাট্য ও চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। তার সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
অভিনয়শিল্পী সংঘের একাধিক সদস্য ও কামাল বায়েজীদের সহকর্মীরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা।

তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন সহকর্মীরা। তার অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন অভিনয়শিল্পী সংঘ ও থিয়েটার অঙ্গনের সহকর্মীরা।
চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন কামাল বায়েজীদ। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।
‘একাত্তরের যীশু’, ‘গেরিলা’ ও ‘চোরাবালি’র মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন এই অভিনেতা। পাশাপাশি বিবিসি জানালার জনপ্রিয় অনুষ্ঠান ‘মজায় মজায় শেখা’-তে ‘কামাল’ চরিত্রে অভিনয় করেও ব্যাপক পরিচিতি পান তিনি।
কেএন/এসএন