© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৬ পিএম | ০৪ অক্টোবর, ২০২৬
মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছু উল্লেখযোগ্য রেকর্ড গড়ে ফেলেছেন। দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মার্কিন জাতীয় দলের শুরুর একাদশে খেলার কীর্তি গড়েছিলেন আগেই। এবার দেশটির জার্সিতে সবচেয়ে কম বয়সেই আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন সুলিভান। 

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ (রোববার) সকালে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ৬২ মিনিটে তাদের পক্ষে দ্বিতীয় গোলটি করেন কাভান সুলিভান। যদিও তাতে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল ছিল। সতীর্থকে পাস বাড়িয়েছিলেন তিনি, লম্বা পা বাড়িয়ে সেই বলের নিয়ন্ত্রণ নিয়ে তার মাথার ওপর দিয়ে চিপ শটে জালে জড়ান সুলিভান। 

মাত্র ১৭ বছর ৫ দিন বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে গোলটি করলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। এই রেকর্ডটি মাত্র কয়েকদিন আগেই দখলে নিয়েছিলেন কাভান সুলিভানের সতীর্থ ম্যাথিস আলবার্ট। চিলির বিপক্ষে গত মঙ্গলবার তিনি ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করেছিলেন। ৪ দিনের ব্যবধানে সেই রেকর্ড কেড়ে নিলেন কাভান। এর আগে সাবেক মার্কিন অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচ ১৭ বছর ২৫৩ দিন বয়সে জাতীয় দলে প্রথম গোল করেছিলেন।



সর্বকনিষ্ঠ মার্কিন গোলদাতা হওয়ার প্রতিক্রিয়ায় সুলিভান বলেন, ‘এটা অনেকটা স্বপ্নের মতো। শুধু গত কয়েক দিন নয়, বরং সারা জীবন ধরেই আমি এই মুহূর্তটির আকাঙ্ক্ষা করেছি। এই উদযাপনের প্রতিটি মুহূর্তই দারুণ। আমার ও আমার পরিবারের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত। আর সবচেয়ে বড় কথা হলো, দলের জন্য এটি একটি দুর্দান্ত জয় এবং এমন এক পরিবেশে এই জয় পাওয়াটা সত্যিই অসাধারণ।’

আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলের অসাধারণ অনুভূতি জানিয়েছেন ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার, ‘(গোলের পর) যেন সবকিছু হঠাৎ ঝাপসা হয়ে গেছে। শুধু মনে আছে, বলটা চিপ করেছিলাম। আশা করছিলাম, ক্রসবারে লাগবে না বা ওপর দিয়ে চলে যাবে না। বলটা যখন আকাশে ছিল, তখন একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। এরপর সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল।’

মেক্সিকোকে হারানোর পথে ১৮ বছর বয়সী জুলিয়ান হল এবং মালিক টিলম্যান একটি করে গোল করেছেন। ম্যাচ শেষে কাভান সুলিভানের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো বলেন, ‘সুলিভান একজন যোদ্ধা। এমন খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন। সে বল পায়ে অসাধারণ। ওর বল দখলে রাখার যে অসাধারণ দক্ষতা, তা অবিশ্বাস্য। এমন একজন খেলোয়াড় দলে থাকা দারুণ ব্যাপার। যুক্তরাষ্ট্রের জন্য এটি অসাধারণ খবর। আশা করি, সুলিভান এভাবেই এগিয়ে যাবে এবং আরও উন্নতি করবে।’

এমআর/টিএ  

মন্তব্য করুন