স্কুলের ফি দিতে না পারায় শাস্তি পেতে হয়েছিল সালমানকে!
ছবি: সংগৃহীত
০৭:৪৪ পিএম | ০৪ অক্টোবর, ২০২৬
বলিউডের শীর্ষ জনপ্রিয় ও সফল তারকাদের একজন তিনি। বর্তমানে ভারতজুড়ে তার সম্পত্তির পরিমাণ হাজার কোটি রুপি পেরিয়ে গেছে। তবে আজকের এই বিপুল অর্থবিত্ত আর অগণিত ভক্তের ভালোবাসার পেছনের পথটা সালমান খানের জন্য মোটেও সহজ ছিল না। সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় নতুন করে ভাইরাল হওয়া তার শৈশবের এক স্মৃতিকথায় ভেসে এসেছে সেই কঠিন দিনের গল্প।
সবাইকে চমকে দিয়ে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সালমান খান তার চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ের এক অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, সময়মতো স্কুলের ফি পরিশোধ না করায় একদিন ক্লাসের শিক্ষক তাকে শাস্তিস্বরূপ দরজার বাইরে দাঁড় করিয়ে রাখেন।
ঠিক সেই সময় তার বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান স্কুলে উপস্থিত হন এবং ছেলেকে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ভাবেন যে সালমান নিশ্চয়ই কোনো দুষ্টুমি করে শাস্তি পাচ্ছে।

তবে কারণ জিজ্ঞেস করতেই যখন শিক্ষিকা স্পষ্ট জানান যে এটি কোনো অপরাধ নয় বরং স্কুলের ফি জমা না হওয়ার কারণে সাজা, তখন সেলিম খান চমৎকার এক জবাব দিয়েছিলেন। সেলিম খান শিক্ষিকাকে সোজা বলে ওঠেন, ‘ফি দিতে না পারার কারণে যদি কাউকে শাস্তিস্বরূপ ক্লাসের বাইরে দাঁড়াতে হয়, তবে আমার ছেলে নয়, বাবা হিসেবে এখানে আমারই দাঁড়ানো উচিত।’ এরপর তিনি সোজা প্রিন্সিপালের কক্ষে গিয়ে ফি পরিশোধের ব্যবস্থা করেন।
যদিও এরপর হালকা হেসে সালমান জানান, এই একই ঘটনার মুখোমুখি তাকে ঠিক দুই সপ্তাহ পর আবারও হতে হয়েছিল। এমথ্রিএম হারুন ইন্ডিয়া রিচ লিস্টের তথ্য অনুযায়ী, বর্তমান সময়ে সালমান খান ভারতের অন্যতম ধনী অভিনেতা, যার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ৩,০০০ কোটি রুপি। শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের পরেই এই তালিকায় তার নাম রয়েছে।
কোটি কোটি রুপির মালিক এই তারকার শৈশবে স্কুলের ফি দিতে না পারার গল্পটি তার ভক্ত ও সাধারণ মানুষের হৃদয়ে তাই এক নতুন আবেগের জন্ম দিয়েছে।
এসএ/টিএ