দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ
ছবি: সংগৃহীত
০১:২৯ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়াসহ কয়েকটি দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন অটোচালকরা। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর শত শত অটোচালক সড়কে অবস্থান নেন।
অটোচালকদের অবরোধের কারণে প্রেস ক্লাবসংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
অটোচালকরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে সড়কে অভিযানের নামে অটোচালকদের হয়রানি বন্ধ এবং ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের দাবি জানিয়েছেন তারা। চালকরা বলেন, দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
অটোচালক সাইফুল ইসলাম বলেন, ‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে। অটোচালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ অটোচালক আছেন, যারা অটো চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করেন।’
এদিকে কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকাতেও। সকাল থেকে রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কমে গেছে। অনেক এলাকায় প্রায় অটোশূন্য অবস্থার সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘আমাদের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’
অটোচালকদের অবস্থানের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে।
এসএন