এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি বুধবার
ছবি: সংগৃহীত
০৪:৫১ পিএম | ০৬ অক্টোবর, ২০২৬
বহর সম্প্রসারণ ও ভবিষ্যৎ উড়োজাহাজ পরিবহন পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এ উপলক্ষে আগামীকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের মধ্যে ১০টি এয়ারবাস উড়োজাহাজ অধিগ্রহণের চুক্তি সই হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিমানের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে এসব তথ্য জানানো হয়েছে।
আমন্ত্রণপত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্রাউন্ড লেভেলের উৎসব হলে এ চুক্তি সই অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ারবাসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার।
বিমানের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এয়ারবাসের সঙ্গে এ চুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে নতুন রুট সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
এর আগে বহর সম্প্রসারণে নতুন উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগ নেয় বিমান। তারই অংশ হিসাবে দুই দফায় যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়। এবার এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ অধিগ্রহণের চুক্তি সেই পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে।
এসএন