জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
১১:২৫ পিএম | ০৮ অক্টোবর, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের গুলির মুখে পড়েছে পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই স্থানীয়ভাবে পরিচিত ইয়াছিন বাহিনীর সক্রিয় সদস্য।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার মো. মাসুদ আলম দেশের একটি গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের ভেতর থেকে গুলি ছোড়ে সশস্ত্র ব্যক্তিরা। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার চারজনই ইয়াছিন বাহিনীর সদস্য। ওই এলাকায় অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের নির্মূলে অভিযান চলমান থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাসেল (৩০), মোরশেদ (২৮), বাবু (২৫) ও সাব্বির (৩২)। পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে আগামীকাল (শুক্রবার) তাদের আদালতে পাঠানো হবে।
পুলিশ সুপার আরও জানান, সম্প্রতি জঙ্গল সলিমপুরে পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যে মামলা হয়েছে, গ্রেপ্তার চারজন সেই মামলার এজাহারভুক্ত আসামি।
এমআর/টিএ