ময়মনসিংহে বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১
ছবি: সংগৃহীত
১২:৫৪ পিএম | ১২ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহলদলের ওপর হামলা এবং বিজিবির পাল্টা গুলিতে একজন নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপি এলাকার জলজলিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
বিজিবির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। এ সময় তারা চোরাচালানের পণ্য আটক করে। পরে আটক করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা টহলদলের ওপর অতর্কিত হামলা চালায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলাকারীদের প্রথমে মৌখিকভাবে সতর্ক করেন বিজিবি সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলিও ছোড়া হয়। তবে সতর্কবার্তা উপেক্ষা করে চোরাকারবারিরা পুনরায় হামলা চালালে এক বিজিবি সদস্য আহত হন। এ অবস্থায় নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষার্থে আত্মরক্ষামূলক গুলিবর্ষণ করেন বিজিবি সদস্যরা। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন।
পরে আহত ব্যক্তিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসএন