আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’
ছবি: সংগৃহীত
১০:০৬ পিএম | ১২ অক্টোবর, ২০২৬
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও ব্যয়বহুল প্রজেক্ট ‘রামায়ণ’ ঘিরে দর্শকের অপেক্ষা এবার শেষের পথে। সিনেমাটির মুক্তি নিয়ে নানা গুঞ্জনের পর অবশেষে প্রথম পর্বের তারিখ প্রকাশ করেছেন নির্মাতারা। নীতিশ তিওয়ারী পরিচালিত এই মহাকাব্যিক সিনেমাটি আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রোববার প্রকাশিত নতুন পোস্টারে মুক্তির তারিখের পাশাপাশি ছবির প্রধান চার অভিনয়শিল্পীকে তুলে ধরা হয়েছে।
পোস্টারে দেখা গেছে রণবীর কাপুর, সাই পল্লবী, রবি দুবে ও যশকে। এর সঙ্গে দেওয়া ক্যাপশনে নির্মাতারা লিখেছেন, ‘ইয়ে রাম কে যুগ কা আরম্ভ হ্যায়’, যার অর্থ- এবার শুরু হতে চলেছে রামের যুগ। এর আগে সিনেমাটি দীপাবলিতে মুক্তি পেতে পারে বলে আলোচনা ছিল। নতুন ঘোষণায় সেই জল্পনার অবসান ঘটল।
সিনেমাতে ভগবান শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। রামের আদর্শ, সংযম ও বীরত্বের নানা দিক পর্দায় তুলে ধরবেন তিনি। মাতা সীতার ভূমিকায় রয়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। অন্যদিকে, লঙ্কার রাজা রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন রবি দুবে। এ ছাড়া ভক্তশ্রেষ্ঠ হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল এবং রাবণের বোন শূর্পণখার চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত।
রামায়ণের চিরপরিচিত কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমাটিতে উঠে আসবে রামের বনবাস, সীতাহরণ এবং রাম-রাবণের বাহিনীর মধ্যকার মহাযুদ্ধের ঘটনা। বিশাল বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী এবং আন্তর্জাতিক মানের নির্মাণ পরিকল্পনার কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছে সিনেমাটি। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার ও এ আর রহমান।
নির্মাতা সূত্রে জানানো হয়েছে, দুর্গাপূজার দশমী থেকে সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং শুরু হবে। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। দুই পর্বে নির্মিত এই মহাকাব্যিক চলচ্চিত্রের প্রথম কিস্তি মুক্তি পাবে আগামী ৫ নভেম্বর। আর দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।
এসএ/টিএ