চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
০১:১০ এএম | ১৩ অক্টোবর, ২০২৬
রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ডিএসসিসি প্রশাসক জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং সময়মতো যথাযথ ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি; তদন্তের পরই তা নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
যে ভবনে প্রথম আগুন লাগে সেটি মূলত একটি ব্যাগের গুদাম ছিল এবং আশপাশে কিছু কাপড়ের গুদামও রয়েছে। আগুন প্রথমে একটি ভবনে লাগলেও পরবর্তীতে তা আশপাশের দু-একটি ভবনে ছড়িয়ে পড়েছিল।
উদ্ধারকাজ সফলভাবে পরিচালনার জন্য নাগরিকদের সহযোগিতা কামনা করে প্রশাসক বলেন, আল্লাহর রহমতে আগুন নিয়ন্ত্রণে আসায় এখন লোকজনকে সড়ক থেকে সরে দাঁড়াতে হবে, যাতে উদ্ধারকর্মীরা নির্বিঘ্নে তাদের কাজ করতে পারেন।
তিনি আরও বলেন, পুরান ঢাকায় আগে কেমিক্যালের কারণে প্রায়ই আগুন লাগলেও বর্তমানে সেখানে কেমিক্যালের কোনো ব্যবসা নেই। ওই বাণিজ্য তারা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। এই ঘটনা থেকে আশপাশের অন্যান্য মার্কেটের ব্যবসায়ীদেরও সতর্ক হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, সবারই নিজ নিজ বাড়ি, মার্কেট ও কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা উচিত।
এ সময় নাগরিক সচেতনতার ওপর জোর দিয়ে প্রশাসক জানান, রাস্তার পাশে ও ফুটপাতে অবৈধ দোকানপাট বসানোর কারণে চলাচলে বিঘ্ন ঘটে, যার ফলে অনেক সময় ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। তাই রাস্তাঘাট পরিষ্কার ও দখলমুক্ত রাখতে তিনি সবার প্রতি বিশেষ আহ্বান জানান।
উল্লেখ্য, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে মনজুর খান প্লাজায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। তবে সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে ফায়ার সার্ভিসকে কিছুটা বেগ পেতে হয়।
আরআই/টিএ