ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
ছবি: সংগৃহীত
১১:১৩ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬
ফারজানা রুপার পক্ষে লড়ার জন্য যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীকে অনুমতি দিতে বাংলাদেশ বার কাউন্সিলের কাছে আবেদন জানানো হয়েছে। মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ফারজানা রুপার নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক বার কাউন্সিলের সচিব বরাবর এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবী জোনাথন প্রাইস কেসি এবং নিকিলা কৌশিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ানোর অনুমতি চেয়ে গত ১ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিলে ই-মেইলের মাধ্যমে আবেদন করেছেন।
আবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারা অনুযায়ী, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা-ই থাকুক না কেন, বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল কোনো বিদেশি আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দিতে পারেন।
এই অনুমতি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া আটকে রাখা যাবে না। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো বিদেশি আইনজীবীর উপস্থিতির জন্য বার কাউন্সিলের অনুমতি নেওয়া একটি আবশ্যক পূর্বশর্ত।
ফারজানা রুপা বর্তমানে আইসিটি-বিডি মামলা নম্বর ০৫/২০২৬-এর আওতায় আটক রয়েছেন। আগামী ১ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
মামলার কার্যক্রম দ্রুতগতিতে এগোচ্ছে বিধায় জরুরি ভিত্তিতে এই বিদেশি আইনজীবীদের ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনের সঙ্গে ফারজানা রুপার পক্ষে দেওয়া ওকালতনামা এবং ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীর পাঠানো ই-মেইল ও মূল আবেদনের অনুলিপিসহ তাদের জীবনবৃত্তান্ত সংযুক্ত করা হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে দ্রুত পদক্ষেপ নিয়ে ওই দুই বিদেশি আইনজীবীকে অনুমতি দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এমআই/টিএ