রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত
০৮:০৬ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার পর পদ হারিয়েছেন হাসিবুল ইসলাম মারুফ নামে এক ছাত্রদল নেতা। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে নোয়াখালী জেলা ছাত্রদল।
বহিষ্কৃত হাসিবুল নোয়াখালীর বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই দিন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সংগঠন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন মারুফ। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় জেলা ছাত্রদল।
বহিষ্কারের পর জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ আখ্যা দিয়ে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন হাসিবুল ইসলাম মারুফ। তিনি বলেন, চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, অনৈতিক কাজ করলে বহিষ্কার হতাম না, নেশাগ্রস্ত হলে বহিষ্কার হতাম না। ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করায়, রবীন্দ্রনাথের বিরোধিতা করে পোস্ট করায় আমাকে বহিষ্কার করেছে নোয়াখালী জেলা ছাত্রদল।
এ বিষয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল গণমাধ্যমকে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ায় মারুফকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়ার এক ঘণ্টার মধ্যে ফেসবুকে ছাত্রদলকে নিয়ে অশালীন মন্তব্য করায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এমআই/এসএন