কুমিল্লায় জামায়াত সেক্রেটারির গাড়ি ভাঙচুরে এবি পার্টির সামদানীকে অব্যাহতি
০৭:১২ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬
জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায় কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে, কেন তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, গোলাম মোহাম্মদ সামদানী শিবিরের সাবেক সদস্য ছিলেন। পরে তিনি এবি পার্টিতে যোগ দিয়ে কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়কের দায়িত্ব পান। বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহাবুব আলমের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরদিন গাড়ি ভাঙচুরের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থাকা গাড়িটি ভাঙচুর করছেন। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, সিসিটিভি ফুটেজে দেখা ওই ব্যক্তি গোলাম মোহাম্মদ সামদানী।
অব্যাহতির চিঠিতে লিখা ছিল, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে তাঁর পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। কেন তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবেনা সেমর্মে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি এবি পার্টির নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা কিংবা দলের পক্ষে কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান করতে পারবেন না। এ সময়ে তাঁর কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায় এবি পার্টি বহন করবে না। দলের গঠনতন্ত্র অনুযায়ী অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কুমিল্লা মহানগর শাখা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করবেন। এবি পার্টি রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী। অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে যুক্ত হওয়া বা পক্ষাবলম্বন দলের নীতি ও আদর্শের পরিপন্থী। এ বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সচেতনতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
কুমিল্লা জেলা এবি পার্টির আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আভ্যন্তরীণ বিষয়ে এ বি পার্টি, কুমিল্লা মহানগরীর আহবায়ক জনাব গোলাম মোহাম্মদ সামদানীর সম্পৃক্ততার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জামায়াতের আভ্যন্তরীণ বিষয়ে সৃষ্ট জটিলতায় এবি পার্টি কুমিল্লা মহানগর ও জেলা কোনভাবেই সম্পৃক্ত নয়। ব্যাক্তিগত সিদ্ধান্তে কেউ এমনটি করে থাকলে এবি পার্টি এর দায়ভার বহন করবে না।
এমআই/এসএন