আ.লীগ যেভাবে বৃক্ষনিধন করেছে, সেভাবে রোপণ করেনি: নিলোফার মনি
ছবি: সংগৃহীত
০৯:৪৬ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক গাছ নিধন হলেও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় বৃক্ষরোপণ করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। ওই ক্ষতি পুষিয়ে নিতে পরিবেশ রক্ষায় কাজ শুরুর কথা উল্লেখ করে এমপি জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে ৫০ কোটি বৃক্ষরোপণ করা হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের বাগেরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
জামালপুর জেলা যুবদল আয়োজিত এ অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, এই দেশের পরিবেশ রক্ষা করার জন্য বৃক্ষের বিকল্প হতে পারে না। আর আগের সরকার যেভাবে বৃক্ষনিধন করেছে সেভাবে রোপণ করেনি।
পরিবেশ রক্ষায় সুন্দরবনের উদাহরণ টেনে তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ের আঘাত থেকে সুন্দরবন নিজের ধ্বংস সহ্য করেও উপকূলকে রক্ষা করছে। পরবর্তীতে তা আবার প্রাকৃতিকভাবেই ঘুরে দাঁড়িয়েছে, যা প্রমাণ করে প্রকৃতির সুরক্ষায় গাছের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।
সারাদেশে পাঁচ বছরে ৫০ কোটি, অর্থাৎ বছরে গড়ে অন্তত ১০ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা তুলে ধরে নিলোফার চৌধুরী মনি বলেন, এসব গাছ বড় হলে বায়ুদূষণ কমবে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকেও দেশকে রক্ষা করা সম্ভব হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের পেশাগত সমস্যার বিষয়েও কথা বলেন এমপি মনি।
ঢাকার তুলনায় মফস্বলের সাংবাদিকরা সেভাবে পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা পান না উল্লেখ করে তিনি জানান, সাংবাদিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে এরইমধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি হলুদ সাংবাদিকতা রোধেও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। সাংবাদিকদের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে সরকার শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ৩ শতাধিক ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
জামালপুর জেলা যুবদলের সদস্যসচিব ও পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী সোহেল রানা খানের আয়োজনে অনুষ্ঠানে জেলা শ্রমিক দলের সভাপতি এস এম আব্দুস সোবহান এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমআই/এসএন