হুথিদের হামলায় অল্পের জন্য রক্ষা পেলেন ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ অন্যান্যরা
ছবি: সংগৃহীত
১০:০৩ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এখন জানা গেছে, হুথিদের হামলায় প্রেসিডেন্সিয়াল প্যালেসের দুই গার্ড নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বেঁচে গেছেন।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরয়ানি সামাজিকমাধ্যমে করা এক পোস্টে জানিয়েছেন, হুথিরা এডেনে অবস্থিত প্রেসিডেন্ট প্যালেসে পাঁচটি মিসাইল ছুড়েছে।
ইয়েমেনি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এডেনে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটি অবস্থিত। সানা দেশটির রাজধানী হলেও ইয়েমিন সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে থাকে।
সরকারের যুব মন্ত্রণালয়ের মন্ত্রী নায়েফ সালেহ আল-বাকরি সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে বলেছেন, প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলায় দুই গার্ড নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে সরকারের মন্ত্রিসভার সব মন্ত্রী অক্ষত আছেন।
তিনি জানিয়েছেন, হুথিরা হামলা চালালেও তারা এডেন ছেড়ে যাবেন না।
ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদটি আল-মাশিক নামে পরিচিত। সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, তারাও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। পরে জানতে পারেন প্রেসিডেন্টের প্রাসাদকে মিসাইল দিয়ে টার্গেট করা হয়েছে।
ইয়েমেনের সেনাবাহিনীর তিনটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতের সংখ্যা চারজনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়েও ১০ জন হয়েছে।
গত কয়েকদিন ধরে হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে লড়াই হচ্ছে। সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে স্বীকৃতি দিয়ে তাদের পক্ষে হুথিদের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে বিমান হামলা চালাচ্ছে। ২০২২ সালে হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সম্প্রতি এটি ভেস্তে গেছে।
এমআর/টিএ