© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

শেয়ার করুন:
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৭ এএম | ১৬ অক্টোবর, ২০২৬
যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করতে হয়েছে। পরীক্ষা দিতে ঢাকায় এসে ফিরে যেতে হয়েছে হাজারো চাকরিপ্রার্থীকে।

এবার সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত সেখানেই থাকবেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠেয় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা সামনে রেখে এটা করছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সচিবালয়ে প্রশ্নপত্র তৈরির কাজ চলছিল। প্রতিমন্ত্রীর সঙ্গে সেখানে অবস্থান করছিলেন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবারের এই নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া ও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পুলিশি পাহারায় প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হবে।

এদিকে শুক্রবার বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী। গত শনিবার প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত হওয়ার পর নতুন এই তারিখ নির্ধারণ করা হয়।

প্রশ্নপত্র প্রণয়নের কাজ তদারক করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত কর্মকর্তারাও সচিবালয়ে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন