© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ শুরু হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ শুরু হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ পিএম | ১৬ অক্টোবর, ২০২৬
ভারতের রাজস্থান বিজেপি প্রধান মদন রাঠোর নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে দাঁড়াবে। এর কারণ হিসেবে তিনি দেশ দুটির ভৌগোলিক নৈকট্যের কথা উল্লেখ করেছেন।
 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক জনসভায় বক্তব্য রাখার সময় রাঠোর বলেন, ‘আমাদের সবারই বিষয়টি বোঝা প্রয়োজন। দেখুন, ভারতের প্রসঙ্গ এলে আমি বলব, যদি আজ আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেধে যায়, তবে আমরা পাকিস্তানের পক্ষেই থাকব। কারণ তারা আমাদের প্রতিবেশী।’

‘তবে যখন আমাদের নিজেদের মধ্যকার কোনো বিষয় সামনে আসে, তখন আমরা আমাদের ভারতের পাশে দাঁড়াই। তাই না? এটাই আমাদের বোঝা প্রয়োজন’, যোগ করেন তিনি।

এদিকে তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যারা পাকিস্তান বিষয়ে রাঠোরের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।

কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মুহাম্মদ এই মন্তব্যকে ‘দেশবিরোধী’ বলে অভিহিত করেছেন এবং প্রশ্ন তুলেছেন, রাজস্থান শাখার প্রধানের বিরুদ্ধে বিজেপি কী পদক্ষেপ নেবে।

কংগ্রেসের জাতীয় সমন্বয়ক সন্দীপ গুপ্ত অভিযোগ করেছেন, রাঠোরের মন্তব্য পাকিস্তানের প্রতি বিজেপির অনুরাগকেই সামনে নিয়ে এসেছে। তিনি পাকিস্তানকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ সন্দীপ লিখেছেন, “রাজস্থান বিজেপি সভাপতি মদন রাঠোর বলেছেন, ‘আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পক্ষেই থাকবে’। আবারও সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা প্রকাশ্যে চলে এলো। বিজেপি পাকিস্তানকে ভালোবাসে!”

সূত্র: ইন্ডিয়া টুডে

আরআই/টিএ

মন্তব্য করুন