বার পরীক্ষায় পাস করেননি, তবু নিজেকে ‘অ্যাটর্নি’ পরিচয় দেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি
ছবি: সংগৃহীত
০৯:৫১ পিএম | ১৬ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া আইনজীবীদের বার পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ না হলেও তিনি বিভিন্ন সময়ে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন।
সম্প্রতি ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি স্বীকার করেন, বার পরীক্ষায় পাস করতে পারেননি এবং দ্বিতীয়বার পরীক্ষাও দেননি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কেটি জাকারিয়া ২০১১ সালে পেপারডাইন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হতে পারেননি। পরে স্বামীর সঙ্গে চীনে চলে যাওয়ার পরিকল্পনা থাকায় পরীক্ষার ফলকে তিনি তেমন গুরুত্বপূর্ণ মনে করেননি বলে জানান।
ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে উপস্থাপক শন হ্যানিটি তাঁকে জিজ্ঞেস করেন, তিনি বার পরীক্ষায় পাস করেননি—বিষয়টি ঠিক কি-না। জাকারিয়া উত্তরে বলেন, ‘ঠিক।’ দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছিলেন কি-না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, দিইনি।’
যুক্তরাষ্ট্রে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করলেই আইন পেশায় কাজ করার অনুমতি পাওয়া যায় না। সাধারণত সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে নিবন্ধিত হতে হয়। তবে জাকারিয়া এর আগে আইন পেশায় কাজ করার অভিজ্ঞতার কথা বলেছেন। ট্রাম্পও তাঁকে প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়ার সময় ‘অ্যাটর্নি’ হিসেবে উল্লেখ করেছিলেন।
প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথম সংবাদ ব্রিফিং করেন জাকারিয়া। সেখানে মাত্র তিনজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়ে ১৫ মিনিটেরও কম সময়ে ব্রিফিং শেষ করেন তিনি। তাঁর ওই উপস্থিতি নিয়ে কয়েকজন গণমাধ্যম বিশ্লেষক ও রাজনৈতিক ভাষ্যকার সমালোচনা করেন। তবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তাঁর কাছে জাকারিয়ার ব্রিফিং ভালো মনে হয়েছে।
নিজের প্রথম ব্রিফিং নিয়ে হ্যানিটির প্রশ্নের জবাবে জাকারিয়া বলেন, খুব কম প্রস্তুতির সময় পেয়েও তিনি সংবাদ ব্রিফিং করার দায়িত্ব নিয়েছেন এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।
জাকারিয়ার আইন পেশার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে আইনজীবী হিসেবে তাঁর নিবন্ধনের তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ক্যালিফোর্নিয়ার বার কর্তৃপক্ষও জানিয়েছে, কেট শ্যারন জাকারিয়া বা তাঁর আগের নাম কেট শ্যারন ব্ল্যাক—কোনো নামেই তাঁকে ক্যালিফোর্নিয়ায় আইনজীবী হিসেবে নিবন্ধিত করার রেকর্ড নেই।
তবে জাকারিয়া বলেছেন, তিনি প্রয়োজনীয় যোগ্যতা নিয়েই আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনসংক্রান্ত আইনি কাজে যুক্ত ছিলেন। হোয়াইট হাউসও তাঁর পক্ষে বক্তব্য দিয়েছে। হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং তাঁকে দলের জন্য যোগ্য ও মেধাবী সংযোজন হিসেবে বর্ণনা করেছেন।
এমআর/টিএ